প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব সকলের প্রেরণার উৎস। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও ‘এটিএম তুরাব পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই আন্দোলনে দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা বর্তমান অবস্থানে এসেছি। শহীদ তুরাবের রক্ত সিলেটের মাটিতে ঝরেছে। এই হত্যার বিচার বিলম্বিত হওয়ার বিষয়টি নিয়ে আমি আগামী দুই-তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব, যাতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়।’
সাংবাদিকতার নীতিমালার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে তুরাব শহীদ হয়েছেন। গত ১৫ বছর অপতথ্যের মাধ্যমে দেশে তথ্য সন্ত্রাস চালানো হয়েছিল। বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে।’ তিনি অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “তুরাব হত্যার বিচার নিয়ে সম্প্রতি চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা প্রতিহিংসা নয়, আইনের শাসনের মাধ্যমে এই হত্যার বিচার চাই।”
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘তুরাব হত্যার তদন্ত প্রক্রিয়া যেন সাগর-রুনি মামলার মতো দীর্ঘসূত্রতায় না পড়ে। জড়িত পুলিশ কর্মকর্তারা এখনো গ্রেপ্তার না হওয়ায় আমরা ক্ষুব্ধ।’
মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, রাজনীতির কারণে আর কারো রক্ত ঝরুক-এমনটি কাম্য নয়।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির। অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদারের হাতে ‘এটিএম তুরাব পদক’ তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন