কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকায় স্থানীয় এলাকাবাসী ও ময়নার খামার যুব সংঘের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, বছরের পর বছর নদীভাঙনের ফলে এলাকার বসতভিটা, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দেয়। ইতোমধ্যে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা নদীর তীর রক্ষায় অস্থায়ী মেরামতের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি জানান। তারা বলেন, কাঁচকোল থেকে ফকিরেরহাট পর্যন্ত সড়কটি এলাকার যাতায়াত, শিক্ষা ও কৃষিপণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জনজীবনে বিপর্যয় নেমে আসবে।
মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মজিদুল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক হিরন মণ্ডল এবং মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী প্রমুখ।
স্থানীয়দের অভিযোগ, ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। গত এক মাসে চার দফায় প্রায় ১৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় ২৪ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হলেও তা ডাম্পিংয়ে অনিয়ম হয়েছে। নির্ধারিত স্থানে সঠিকভাবে জিওব্যাগ না ফেলায় ভাঙনঝুঁকি আরও বেড়েছে।
মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন ও ময়নার খামার এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন