রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। এ ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত ৩০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস এবং সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা বা ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই এই প্রটোকল লঙ্ঘন করা যাবে না।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই নির্দেশনায় জানানো হয়েছে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এই নির্দেশনা বাস্তবায়নের ফলে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাঁদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা যথাযথভাবে পাবেন।
এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১১টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
/
আপনার মতামত লিখুন