রাতের আঁধারে গ্রামের শান্ত পরিবেশে হঠাৎই নেমে এল এক অজানা আতঙ্ক। বাড়ির আঙিনা থেকে চায়ের দোকান—কোথাও নিস্তার নেই। মানুষ দেখলেই ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ছে এক হিংস্র বন্য প্রাণী। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিনটি গ্রামে এমন আকস্মিক ও অভাবনীয় হামলার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন রক্তাক্ত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে লোকজন যখন আড্ডা দিচ্ছিলেন, তখন হঠাৎ একটি বন্য প্রাণী লোকজনের ওপর হামলা শুরু করে। প্রাণীটি দ্রুত এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে গিয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে ক্ষতবিক্ষত করেছে। শুধু মানুষই নয়, ঘরে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালিয়েছে প্রাণীটি।
আহতদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের ধাওয়ায় একপর্যায়ে প্রাণীটি পালিয়ে যায়। বর্তমানে আহতরা রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, ‘আহতদের ক্ষতস্থান দেখে মনে হচ্ছে এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর কামড়। আক্রান্তদের সবাইকে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিশেষ ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।’
এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে মানুষ ভয়ে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। বন্য প্রাণীটির পুনরায় হামলার আশঙ্কায় লাঠিসোটা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন গ্রামবাসীরা।
আপনার মতামত লিখুন