বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম হাওলাদারের (২০) মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত জাহিদুলের বাবা মনিরুল ইসলাম ও মা আছিয়া বেগম অভিযোগ করেন, জাহিদুল চট্টগ্রামে একটি হোটেলে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার (১ আগস্ট) সকালে বাড়ির অদূরে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তাদের দাবি, জাহিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্বজনদের অভিযোগ, জাহিদুল পার্শ্ববর্তী পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার এক বিবাহিত নারী ‘টিকটকারের’ সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ওই সম্পর্কের টানাপোড়েনেই তাকে হত্যা করা হয়েছে।
জাহিদুলের মা আছিয়া বেগম বলেন, ‘কয়েক দিন আগে আমার বড় ছেলের স্ত্রীকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল যে জাহিদুলের লাশও পাওয়া যাবে না। ওরা আমার ছেলেকে মেরে ফেলল কেন? আমি খুনিদের ফাঁসি চাই।’
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, জাহিদুল কখনো ধূমপান বা নেশা করতেন না। অথচ উদ্ধার হওয়ার সময় তার পকেটে সিগারেট, গ্যাসলাইট ও চিরকুট পাওয়া গেছে এবং মুখে বিষের আলামত ছিল। এটি আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশ জানায়, খবর পেয়ে গত শনিবার ঘটনাস্থল থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন