গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই যুবদল নেতা সামান্য আহত হয়েছেন এবং তার ঘরের বারান্দায় আগুন ধরে যায়।
ভুক্তভোগী ফরিদুল আলম বুলু জানান, রাত একটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার বাড়ির উত্তর দিক থেকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। ওই সময় ঘরের জানালা খোলা থাকায় বিস্ফোরিত বোমার অংশ বিশেষ ঘরের ভেতরে ছিটকে পড়ে তার হাতে লাগে। এতে তিনি সামান্য দগ্ধ হন। এ ছাড়া বোমার বিস্ফোরণে ঘরের বারান্দায় থাকা ত্রিপলে আগুন ধরে যায়। পরে পরিবারের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার খবর পেয়ে বুধবার সকালে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গভীর রাতে কে বা কারা ফরিদুল আলমের বাড়িতে দুটি পেট্রোল বোমা ছুড়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানান, তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কাপাসিয়া উপজেলাজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন