টানা চার দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়ের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ট্যুরিস্ট জিপ মালিক ও চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সৈকতসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে জরিমানা ও দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি ছুটি উপলক্ষে কক্সবাজারে এখন পর্যটকদের ঢল নেমেছে। সমুদ্রসৈকত দেখার পাশাপাশি মেরিন ড্রাইভ হয়ে ইনানি, পাটুয়ারটেক ও টেকনাফ ভ্রমণে খোলা ট্যুরিস্ট জিপের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই সুযোগে একটি সিন্ডিকেট সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দাবি করে পর্যটকদের জিম্মি করছিল। সাধারণত এসব জিপের ভাড়া সাড়ে চার থেকে ছয় হাজার টাকার মধ্যে থাকলেও কয়েক দিন ধরে তা কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছিল।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে পর্যটকদের কাছ থেকে নিয়মিত অভিযোগ পাওয়ার পর আজ বিকেলে অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকজন জিপ মালিক ও চালককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ট্যুরিস্ট জিপ জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, ‘পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকেরা। তারা বলছেন, ছুটির মৌসুমে সিন্ডিকেট করে পর্যটকদের পকেট কাটার প্রবণতা বন্ধে এমন তদারকি নিয়মিত হওয়া প্রয়োজন। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন ও অন্যান্য সেবা খাতে নজরদারি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন