গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, ভুতুড়ে বিল বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জোটের স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক মনিরা হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশসহ চার দফা দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সম্পাদক মাওলানা আবদুর রহিম, সহকারী সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর জামায়াতের আমির প্রকৌশলী নজরুল ইসলাম, এনসিপির জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম। এ ছাড়া জাগপা ও বিডিপির স্থানীয় নেতৃবৃন্দও মিছিলে অংশ নেন।
স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন, ফেনীর অধিকাংশ এলাকায় কয়েক দিন ধরে গ্যাস না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ওপর বিদ্যুতের ভুতুড়ে বিল ও লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তারা অভিযোগ করেন, বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রসঙ্গে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পার হলেও এখন পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ না হওয়া দুঃখজনক। দ্রুত গেজেট প্রকাশ করে শহীদ পরিবারের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন