মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান জেলার শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণকল্যাণ ট্রাস্ট’-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় তার কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে হরিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হরিরামপুর থানার পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন