সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বগুড়ার ধুনট। অভিযুক্ত দালালদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ধুনট থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও কয়েক’শ গ্রামবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধুনট থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। নিহত শাহাদত হোসেন (২৪) উপজেলার জোড়শিমুল গ্রামের জামাল আকন্দের ছেলে।
স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় মাস আগে স্থানীয় দালাল মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সচ্ছলতার আশায় সৌদি আরবে যান দিনমজুর শাহাদত। পরিবারের অভিযোগ, সেখানে যাওয়ার পর প্রতিশ্রুত কাজ পাননি শাহাদত। দালালেরা তার কোনো দায়িত্ব না নেওয়ায় সেখানে প্রায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তার। এই অবহেলা ও অনাহারেই এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়।
অনেক চেষ্টার পর গতকাল বুধবার রাতে শাহাদতের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সকালে জানাজা শেষে মরদেহ দাফন করেন গ্রামবাসী। এর পরপরই জোড়শিমুল গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে ধুনট থানার সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে শাহাদতের পরিবারের সদস্যসহ অন্তত দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত দুই দালালকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিহতের বাবা জামাল আকন্দ বলেন, ‘দালালদের বিশ্বাস করে ছেলেকে পাঠিয়েছিলাম। তারা কাজ দেয়নি, আমার ছেলেটা না খেয়ে মারা গেল। আমি এই খুনি দালালদের বিচার চাই।’
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন