সাতক্ষীরার কলারোয়ায় এক কৃষকের ১৬ কাঠা জমির সবজিগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার (৫ অগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার ঝাপাঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম মহিদুল ইসলাম। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ ও নিরুপায় হয়ে মহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল ইসলাম ঝাপাঘাট মাঠে দীর্ঘ ১০ বছর ধরে টমেটো, কাঁকরোল, কুল ও কচুর মুখি চাষ করে আসছেন। গতকাল রাতের আঁধারে তার ১০ কাঠা জমির টমেটো গাছ এবং ৬ কাঠা জমির কাঁকরোল গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে সবজিগাছগুলো মরে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এর আগেও দুই মাস আগে একইভাবে মহিদুলের চার কাঠা জমির কাঁকরোল গাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও থানায় অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম বলেন, ‘দুই মাস আগে যখন গাছ কাটা হয়েছিল, তখন যদি সঠিক তদন্ত ও বিচার হতো, তবে আজ আবার আমার এত বড় ক্ষতি করার সাহস পেত না কেউ। আমি দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘সবজিগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা কৃষি বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবার নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন