ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি অয়েল মিল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ‘রাশেদুল বেডিং স্টোর’ নামে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ওই দোকানসহ পাশের লিটন বিশ্বাসের সার ও কীটনাশকের দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ছাড়া জাহিদ বিশ্বাসের একটি অয়েল মিল আগুনের আঁচে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
আপনার মতামত লিখুন