দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর পাসের হার ৫৮ দশমিক ৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৯৮ শতাংশ কম। বোর্ডের এমন বিপর্যয়ের মধ্যেও রংপুরের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল ধরে রেখেছে।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর দেখা যায়, বোর্ডজুড়ে হতাশা থাকলেও জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাবাসসুম ও মৌটুসী ফারজানা তাদের এই সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর রংপুর বিভাগের আট জেলা থেকে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অকৃতকার্য হয়েছে ৭৮ হাজারেরও বেশি শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন; যার মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।
এবারের ফলে সবচেয়ে নেতিবাচক চিত্র দেখা গেছে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, ২৮৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের এমন ফল বিপর্যয়ে ভাবিয়ে তুলছে অভিভাবক ও শিক্ষকদের।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সালেহ উদ্দিন বলেন, অহেতুক জিপিএ-৫ পাওয়ার প্রবণতা বন্ধ হওয়া ইতিবাচক। তবে পাসের হারে এমন বড় ধস কেন নামল, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
আপনার মতামত লিখুন