কুড়িগ্রামের উলিপুরে একই বিদ্যালয়ে কর্মরত এক নারী শিক্ষককে যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় তার স্বামী ও সহকর্মী এনামুল হক সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উলিপুরের তবকপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত স্বামী এনামুল হক ও স্ত্রী নাসিমা বেগম (৪১)। ২০১৮ সালে বিয়ের পর থেকেই ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমার ওপর নির্যাতন শুরু করেন এনামুল। এ নিয়ে ২০২২ সালে মামলা হলেও পরে তা আপস-মীমাংসা হয়। তবে সম্প্রতি আবারও ১০ লাখ টাকা যৌতুক চেয়ে নাসিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এনামুল।
মামলায় আরও উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট বিদ্যালয় চলাকালীন মধ্যাহ্নবিরতির সময় যৌতুক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সহকর্মীদের সামনেই নাসিমার ওপর চড়াও হন এনামুল। তিনি নাসিমার চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। পরে অন্য শিক্ষকেরা নাসিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে সোমবার থানায় মামলা করলে রাতেই এনামুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম বলেন, ‘তারা দুজনই আমার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। নাসিমাকে নির্যাতনের অভিযোগে এনামুল স্যারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন