লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন-হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫২) এবং সিংগিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশার যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকের ধাক্কায় আরও ৪-৫ জন পথচারী ও যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
আপনার মতামত লিখুন