নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক জালকুড়ি এলাকার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও নাশতরা সেরে চা পানের উদ্দেশ্যে স্থানীয় একটি দোকানে যাচ্ছিলেন আজিজুল হক। জালকুড়ি তালতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে মো. আমিনুল হক বলেন, ‘বাবা সকালে চা খেতে দোকানের দিকে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই একটি মোটরসাইকেল এসে সব কেড়ে নিল।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুক হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন