মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার একটি বসতবাড়ি থেকে বানরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে উত্তর ভাড়াউড়া ৫ নম্বর বস্তির বলাই রবিদাসের বাড়ির একটি গাছে বানরটি দেখা যায়। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় লজ্জাবতী বানরটি মাটিতে নেমে এলে স্থানীয় শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দা দুলাল রবিদাস বানরটিকে অক্ষত অবস্থায় আটক করেন এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন। বিকেলে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল এলাকাটি পাহাড়, বন ও চা-বাগানে ঘেরা হওয়ায় প্রায়ই বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। প্রাণীগুলো উদ্ধার করে আমরা বন বিভাগে হস্তান্তর করি, যাতে সেগুলোকে পুনরায় নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা যায়। এটি বন্য প্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত জরুরি।
শ্রীমঙ্গল বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দ্রুতই লাউয়াছড়া জাতীয় উদ্যান বা কোনো নিরাপদ বনে অবমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন