পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক বাগান থেকে শাহ আলম (৭০) নামের এক কাঠ ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নান্দুহার-ইলুহার মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহ আলম নান্দুহার এলাকার বাসিন্দা। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার একটি বাগান সংলগ্ন ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেখানে শাহ আলমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নেছারাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শাহ আলম গাছ কাটার কাজ করার সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়ে থাকতে পারেন। ওই এলাকায় বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণভাবে ঝুলছিল বলে তাদের অভিযোগ। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানে আলম বলেন, ওই এলাকায় বিদ্যুতের তার অরক্ষিত থাকার বিষয়ে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘নিখোঁজ হওয়ার পর পরিবার থেকে অভিযোগ করা হলে পুলিশ তাকে খুঁজে বের করার উদ্যোগ নিতে পারত। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
আপনার মতামত লিখুন