উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে খুলনার কয়রা থেকে সাতক্ষীরার তালায় এনে এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ওই গৃহবধূকে চিকিৎসার কথা বলে সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে নেওয়ার কথা বলে তালায় নিয়ে আসেন রাজু নামের এক যুবক। রাজু সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন বলে পরিচয় দিয়েছিলেন। সন্ধ্যায় তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় গৃহবধূকে নিয়ে যান তিনি। সেখানে ওই বাসার এক নারীর সহযোগিতায় গৃহবধূর খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, খাবার খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লে রাজু তাকে ধর্ষণ করেন। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে ওই নারী তাকে গালিগালাজ করেন এবং মুঠোফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এরপর রাতে রাজু ও তার এক সহযোগী মিলে ওই গৃহবধূকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণ করেন। শুক্রবার সকালে তিনি কৌশলে ওই বাড়ি থেকে বেরিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৪ আগস্ট) দুই যুবক ও এক নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা এখনই প্রকাশ করা হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আপনার মতামত লিখুন