চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কাভার্ড ভ্যানচালক মো. সজীবকে (২৭) পরিকল্পিতভাবে হত্যা ও মরদেহ গুমের অপরাধে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - হবিগঞ্জের বানিয়াচংয়ের মো. নুরুল আমিন, কুমিল্লার দেবিদ্বারের মো. শাহজাহান এবং ফেনী সদরের মো. নুরুল আলম টুটুল। রায় ঘোষণার সময় আসামি টুটুল আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামি বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন নোয়াখালীর চাটখিলের বাসিন্দা কাভার্ড ভ্যানচালক সজীব। ২৭ অক্টোবর দুপুরে পাহাড়তলী থানার টোল রোডের পাশে একটি কৃষিজমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে লাশটি সজীবের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গ্রেপ্তার হওয়া দুই আসামি সজীবকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। মোট ৩৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
আইন অনুযায়ী, দণ্ডিতরা এই রায়ের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুন