ফেনীর ছাগলনাইয়ায় সহায়তার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরেরা সালিশ বসিয়ে অভিযুক্তদের জরিমানা করলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন টমটম চালককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াসিন (১৬) ও আরমান (১৫)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় ওই নারীকে আর্থিক সহায়তার কথা বলে বাড়ি থেকে ডেকে নেন সাকিব, আরমান ও ইয়াসিন। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে তিনজনে মিলে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে গত সোমবার রাতে স্থানীয় কয়েকজন মাতব্বর বিষয়টি ধামাচাপা দিতে সালিশ বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। তবে স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম এই অনৈতিক সালিশে অংশ না নিয়ে পরিবারটিকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে এলে ছাগলনাইয়া থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন