ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি চাঁদাবাজি বন্ধ হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশের এই আধুনিক প্রযুক্তি কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল এবং উল্টো পথে যানবাহন চালানোসহ সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হবে। এটি কার্যকর ও স্বচ্ছ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করবে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে কোনো যানবাহন আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত হবে এবং নিবন্ধিত মালিকের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মামলার তথ্য চলে যাবে। জরিমানার টাকাও নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে পরিশোধ করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন