মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা ও ভেজাল ঘি তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানার মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গোপাল ঘোষ গত ৭-৮ বছর ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে ছানা তৈরি করে আসছিলেন। স্থানীয় বাজার থেকে দুধ সংগ্রহ করে তৈরি করা এসব ছানা ঢাকার বিভিন্ন নামী মিষ্টির দোকানে সরবরাহ করা হতো। সম্প্রতি সেখানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা ও ভেজাল ঘি তৈরির খবর পায় অধিদপ্তর।
অভিযানকালে দেখা যায়, কারখানার পাশেই গোয়ালঘর ও টয়লেট। ছানা ঠান্ডা করার জন্য যে পানি ব্যবহার করা হচ্ছিল, তা ছিল চরম দূষিত ও নোংরা। এ ছাড়া সেখানে নকল ঘি তৈরি করে ঢাকার অভিজাত এলাকায় সরবরাহের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় কারখানার মালিক গোপাল ঘোষ নিজের অপরাধ স্বীকার করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও নকল ঘি তৈরির সত্যতা পাওয়া গেছে। মালিক দোষ স্বীকার করায় কারখানাটি সিলগালা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অস্বাস্থ্যকর ছানা ও ঘি ঘটনাস্থলেই নষ্ট করা হয়েছে।’ তিনি আরও জানান, পরিবেশ উন্নত ও মানসম্মত না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও একই অপরাধে গোপাল ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশনা উপেক্ষা করেই তিনি পুনরায় অনিয়ম চালিয়ে আসছিলেন।
আপনার মতামত লিখুন