রংপুরে ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা পাচারের দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম এলাকার মো. রাসেল মিয়া (২৬) এবং সিংগাইর থানার রায়দক্ষিণ এলাকার মো. রাব্বি (২৬)।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ আগস্ট একটি ট্রাকে ৭৬৩ বোতল ফেনসিডিল ও সাড়ে ১০ কেজি গাঁজা পাচারের সময় তাজহাট থানা এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বুধবার (১৯ আগস্ট) এই রায় দেন আদালত।
রায়ে ৭৬৩ বোতল ফেনসিডিল বহনের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তাদের আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের নির্দেশে উভয় সাজা একযোগে কার্যকর হবে।
মামলার অপর আসামি মো. নয়ন ওরফে নয়া মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন। আদালত জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাক ও মোবাইল ফোন প্রকৃত মালিকের জিম্মায় দেওয়ার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর পিপি আব্দুল হাদী বেলাল। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের দাবি জানান। রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
আপনার মতামত লিখুন