সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টি এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ১৫ আগস্ট উপজেলার বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ১৬ আগস্ট একই গ্রামের রান মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল স্থানীয় আব্দুর নূরসহ তার আত্মীয়স্বজনের ৮-৯টি বসতবাড়িতে হামলা চালায়। এ সময় প্রাণভয়ে নারী ও শিশুরা বাড়ি থেকে পালিয়ে যান। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে ধান, গরু, নৌকা, মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। রুমা আক্তারের অভিযোগ, মামলা করায় ক্ষিপ্ত হয়ে ১৭ আগস্ট আবারও হামলা চালায় ওই চক্রটি। তারা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে ৩ ভরি সোনা, নগদ ৮০ হাজার টাকা, ১০০ মণ ধান ও গবাদিপশু লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তামান্না বেগম নামের এক নারীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ঘটনায় আছমা খাতুন বাদী হয়ে গত ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে আরও একটি অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে রুমা আক্তার চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক আহমদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন