মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত একটি বিরল প্রজাতির উল্টোলেজি বানর (পিগ-টেইলড ম্যাকাক) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আজ দুপুরে শ্যামলী আবাসিক এলাকায় একটি বানর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। পরে সেটিকে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল ও আশপাশের বনাঞ্চল সংকুচিত হওয়ায় এবং খাবারের সংকটে বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসছে। আসার পথে অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা সচেতন হয়ে আমাদের খবর দেওয়ায় বানরটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পরিবেশকর্মীরা জানান, শ্রীমঙ্গল পাহাড় ও চা-বাগানবেষ্টিত এলাকা হওয়ায় এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বাস। তবে আবাসস্থল ধ্বংসের কারণে এসব প্রাণী এখন হুমকির মুখে। অনেক সময় যানবাহনের নিচে চাপা পড়ে কিংবা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারায় এসব বিপন্ন প্রাণী। লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে সেগুলোকে আঘাত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা।
আপনার মতামত লিখুন