নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’ শীর্ষক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে দুই উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর পৃষ্ঠপোষকতায় ও নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরীক্ষায় দুই উপজেলার ২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় এবং আটপাড়ায় আটপাড়া সরকারি কলেজ ও তেলিগাতী বিএমএইচকে একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহী ও দক্ষ করে তুলতে এ উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করা, অভিভাবকদের সম্পৃক্ততা এবং শিক্ষার মান উন্নয়নে এ কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকেরা মনে করছেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন