কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শ ক্ষুব্ধ গ্রাহক। এ ঘটনায় ইতিমধ্যে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালংখালী বাজারের ওই এজেন্ট শাখার মালিক হাকিম উদ্দিন ও তার কর্মীরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের আমানতের টাকা ব্যাংকের মূল হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিলেন। সম্প্রতি গ্রাহকেরা টাকা তুলতে গিয়ে দেখেন তাদের হিসাবে কোনো টাকা নেই। ২১ জন গ্রাহক ইতিমধ্যে ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে উখিয়া থানায় মামলা করেছেন। তবে স্থানীয়দের দাবি, কয়েক শ গ্রাহকের প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
আজ দুপুর দুইটার দিকে পালংখালী স্টেশন চত্বরে ভুক্তভোগী নারী-পুরুষেরা মানববন্ধন শুরু করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় অনেক গ্রাহককে রাস্তায় বসে কান্নাকাটি করতে দেখা যায়। কেউ মেয়েকে বিয়ে দেওয়ার টাকা হারিয়েছেন, কেউবা হারিয়েছেন জীবনের শেষ সঞ্চয়।
ভুক্তভোগী মোহাম্মদ সোলাইমান বলেন, ‘আমি বিশ্বাস করে ৬ লাখ টাকা জমা রেখেছিলাম, এখন অ্যাকাউন্টে আছে মাত্র ৪ হাজার ৪৮০ টাকা।’ আরেক গ্রাহক জাফর আলমের দাবি, মেয়ের বিয়ের জন্য জমানো সাড়ে ৪ লাখ টাকা এখন শূন্য।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং এজেন্ট মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে আটক করা হয়েছে। বিকেলে বুঝিয়ে শুনিয়ে গ্রাহকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে। গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন