ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে সেলিম আল দীন চর্চা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও কবি মনজুর তাজিম। বিকেলের অধিবেশনে ছিল স্মৃতিচারণা ও সেলিম আল দীনের নাটক থেকে পাঠ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
সেলিম আল দীন চর্চা কেন্দ্রের আহ্বায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মোতাহের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সেলিম আল দীন ছিলেন একজন নিরহংকার মানুষ। তিনি সাধারণ রিকশাচালক ও কৃষকদের সঙ্গে কথা বলতেন। দেশের মাটি ও মানুষকে ভালোবেসেছেন বলেই তার নাটকে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা উঠে এসেছে। তিনি আধুনিক নাট্যকার হয়েও নাটকে আঞ্চলিক ভাষার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন।’
বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা বলেন, নাট্যাচার্যের স্মৃতিধন্য ফেনীতে সাংস্কৃতিক চর্চা আরও বাড়ানো প্রয়োজন। নতুন প্রজন্মকে তাঁর মতো গুণী ব্যক্তিদের সম্পর্কে জানতে হবে।
সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজিব সরোয়ার ও কবি শামীম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জাসাস জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান এবং চর্চা কেন্দ্রের সহসভাপতি কবি ও গবেষক শাবিহ মাহমুদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরাত ই খুদা পিকাসো।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর স্থানীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
আপনার মতামত লিখুন