ময়মনসিংহের ত্রিশালে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয় চত্বরে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
বিআরডিবি প্রকল্পের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও মঠবাড়ী ইউনিয়নের ‘মহিলা দল’-এর ২৪ জন সদস্যের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেককে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে দেওয়া হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি ও নিরাপদ সবজি উৎপাদনে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।
ত্রিশাল উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান জহির মো. আতাউর রহমান শামীম বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিআরডিবি নিরলস কাজ করছে। ঋণের সঠিক ব্যবহার ও বৃক্ষরোপণের মাধ্যমে সদস্যরা নিজেদের পাশাপাশি দেশের কৃষি উৎপাদনেও অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিসিএ লিমিটেডের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত রায় ও মাঠকর্মী মাহমুদা পারভেজ। আলোচনা শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে ঋণের চেক ও গাছের চারা তুলে দেন।
আপনার মতামত লিখুন