নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েক শ মানুষ। নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৯ জন পর্যটক রয়েছেন, যাদের ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক।
এদিকে নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটি বন্যায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নেপালকে জরুরি আশ্রয়, পানি ও স্যানিটেশন সহায়তায় ৫ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন, যাঁদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
গিরং সীমান্তপথটি চীন ও নেপালের মধ্যে পর্যটক ও পণ্যবাহী যানবাহন চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সীমান্তবর্তী এলাকায় উদ্ধার তৎপরতা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আপনার মতামত লিখুন