রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত (মুমু) নামে ১৬ বছর বয়সী এক কিশোরী গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিয়ানা ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে নানাবাড়িতে থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুমু দীর্ঘ সময় ধরে কুরাপাড়া রেলগেট এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। বেলা ১১টার দিকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে সে হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা আমেনা বেগম মুঠোফোনে জানান, তার মেয়ে বিবাহিত হলেও নানাবাড়িতে থাকত। তবে কেন সে এমন পথ বেছে নিয়েছে, তা তারা জানেন না। মুমুর স্বামী আকাশ আলী জানান, সকালে মুমু তার কাছে মোবাইল ফোন চেয়েছিল। তিনি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে যান। এরপর সে কখন বাড়ি থেকে বের হয়েছে, তা তিনি জানতেন না।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন