দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ খাতকে প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের মাধ্যমে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়বে, যা বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জলিল টেক্সটাইল মিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিটিএমসির পক্ষে সংস্থার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার সাজিয়ে তাহের চুক্তিতে সই করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে যুদ্ধের প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি এখন যুদ্ধের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে। আমাদের প্রতিরক্ষা শিল্পকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক বাজারে স্থান করে নিতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে।’
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বন্ধ শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করে শিল্প খাতকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে। অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের এই উদ্যোগ জাতীয় অর্থনীতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন