রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকায় স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে কোনো আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। আজ শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি আফতাব উদ্দিন অ্যাডভোকেট। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইবনে কামাল ও রংপুর সিটি প্রশাসক মাহফুজুন্নবী ডন অ্যাডভোকেটসহ অন্যান্য আইনজীবী নেতারা।
সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা বলেন, জনপ্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে গত ২২ আগস্ট তাদের নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে রংপুরের সাধারণ মানুষের পাশাপাশি আইনজীবীরাও গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। ন্যায়বিচার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিপি আফতাব উদ্দিন অ্যাডভোকেট বলেন, ‘আইনজীবীদের সম্পর্কে জনমনে অনেক সময় ভুল ধারণা থাকে যে তারা অর্থের বিনিময়ে যেকোনো অপরাধীর পক্ষ নেন। কিন্তু এই ঘটনার নৃশংসতা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে রংপুরের কোনো আইনজীবী অংশ নেবেন না। কেবল বিচারিক আদালত নয়, আসামিদের সাজা নিশ্চিত করতে প্রয়োজনে উচ্চ আদালতেও এই মামলা পরিচালনা ও ব্যয় নির্বাহ করবে সমিতি।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশ ইতিমধ্যে এই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে এবং তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম যেন স্বচ্ছ ও প্রভাবমুক্ত থাকে, সে জন্য পুলিশকে সহযোগিতা করার কথা জানান আইনজীবীরা। একই সঙ্গে এই স্পর্শকাতর ঘটনাটিকে কোনো ধরনের রাজনৈতিক রূপ না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন