চুয়াডাঙ্গা শহরের ‘ফুড জোন’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস এম আশিস মোমতাজ। অভিযানকালে ওই রেস্তোরাঁ থেকে প্রায় ৭০ কেজি পচা পেঁয়াজ উদ্ধার করা হয়, যা খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া ফ্রিজের ভেতরে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বাসি মাছ, মাংস, শর্মা ও চিকেন পরোটাসহ বিভিন্ন তৈরি করা খাবার পাওয়া যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রেস্তোরাঁটিতে খাদ্যপণ্যের মোড়কজাতকরণ ও লেবেলিংয়ের নিয়ম মানা হচ্ছিল না। বিশেষ করে পাউরুটিসহ বিভিন্ন প্যাকেটজাত খাবারের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখের কোনো উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দ করা পচা ও বাসি খাবারগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন