বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় আইন অমান্য করে প্লাস্টিকের বোতলে ভরে অবাধে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। জনবহুল এলাকার মুদিদোকান থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন দোকানে তাক সাজিয়ে এসব দাহ্য পদার্থ বিক্রি করা হলেও প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন নগরবাসী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, নগরীর রূপাতলী, চৌমাথা, নতুল্লাবাদ ও কাউনিয়া এলাকার অনেক দোকানে লিটার ও আধা লিটারের প্লাস্টিকের বোতলে পেট্রোল ও অকটেন ভরে রাখা হয়েছে। মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকেরা জরুরি প্রয়োজনে পাম্পে না গিয়ে এসব দোকান থেকেই জ্বালানি কিনছেন।
সুজন নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘পাম্প দূরে হওয়ায় এবং পাম্পে গিয়ে অল্প টাকার তেল নিতে ঝামেলা মনে হওয়ায় আমরা খোলা ব্যবসায়ীদের কাছ থেকেই অকটেন কিনি। এটি সহজলভ্য হলেও এর ঝুঁকি সম্পর্কে আমরা জানি।’
বিস্ফোরক আইন অনুযায়ী, লাইসেন্স ছাড়া খোলা বাজারে পেট্রোল বা অকটেনের মতো দাহ্য পদার্থ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু দীর্ঘদিন ধরে বরিশালে প্রকাশ্যেই এই কারবার চললেও কোনো অভিযান হচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমি রানী বলেন, ‘এ বিষয়ে আমরা সরাসরি হস্তক্ষেপ করি না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বিষয়টি নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। নগরবাসী দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ জ্বালানি বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন