বাগেরহাটের কচুয়া উপজেলায় মা, ছেলে ও নানিকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরকীয়া প্রেম নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন - কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের জাহিদুল ইসলাম, আসাদুল শেখ ও আরিফুল রহমান বাবু ওরফে বাবু। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছির রিকাবদার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২ আগস্ট থেকে ৪ আগস্টের মধ্যে কচুয়ার চান্দেরখোলা গ্রামে আহাদ, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় ৫ আগস্ট কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত শুরু করার পর গত ১৩ আগস্ট জাহিদুলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ নিজ এলাকা থেকে আসাদুল ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ভুক্তভোগী পরিবারের এক নারীর সঙ্গে জাহিদুলের পরকীয়া সম্পর্ক ছিল। এটি নিয়ে জাহিদুলের স্ত্রীর সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরে জাহিদুল তার সহযোগীদের নিয়ে প্রথমে আহাদকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন এবং পরে মনিরা বেগম ও রাশিদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পুলিশ এই ঘটনায় ব্যবহৃত আলামত ও ভুক্তভোগীদের দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
আপনার মতামত লিখুন