পাঠদানের পাশাপাশি শিক্ষকদের গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করতে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এই নতুন পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন। তিনি জানান, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘ছোট ছোট উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। আমাদের শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এর ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয় ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’
এ বছর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষককে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্রগুলো বিবেচনা করা হবে। বিশেষ করে ‘ইমপ্যাক্ট ফ্যাক্টর’ সম্পন্ন খ্যাতনামা জার্নালে প্রকাশিত গবেষণাপত্রকে অধিক গুরুত্ব দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন জানান, আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল চারটার মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের ক্ষেত্রে কারিগরি সমস্যার সম্মুখীন হলে রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল কাদের শাকিলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন