সংবাদ
সংবাদ

সময় গেলে সাধন হবে না

আনোয়ারুল হক
আনোয়ারুল হক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

সময় গেলে সাধন হবে না
জামায়াতে ইসলামীকে জুলাই আন্দোলন-পরবর্তীকালে রাজনৈতিকভাবে দেশের ইতিহাসে তাদের সবচেয়ে সাফল্যের মুকুট পরানোর কাজটি করার প্রায় দেড় বছর পরে জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্ব বা এনসিপির নেতৃত্বের একাংশ বলছেন—জামায়াতে হারিয়ে যাচ্ছি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী ‘গাড়িবহরের লংমার্চ’-এর আগের দিন জোটের শরিক এনসিপি শাহবাগ মোড়ে পৃথক সমাবেশ করে। জোটের শরিক হয়েও লংমার্চের উদ্বোধনী সমাবেশে তারা অনুপস্থিত থাকে। ইতিপূর্বে জোটের ঢাকা থেকে চট্টগ্রাম ও রংপুরমুখী দুটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। এবার তার ব্যতিক্রম হওয়ায় দুই দলের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এনসিপির অন্দর থেকে বলা হচ্ছে, লংমার্চের রাজনীতির ‘ফসল’ আলাদা দল হিসেবে এনসিপির কতটা কাজে লাগছে, তা নিয়ে দলটিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই কুষ্টিয়ামুখী লংমার্চে এনসিপির অংশগ্রহণ ছিল ‘প্রতীকী’। এ পরিস্থিতিতে জামায়াতও পরবর্তী সিলেটমুখী লংমার্চ আপাতত স্থগিত রেখেছে।

অন্যদিকে, ঠিক একই সময়ে ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে দলটি’—এ ঘোষণা দিয়ে জুলাই আন্দোলনের অন্যতম মুখ, জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাকালীন সময়ের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দল থেকে পদত্যাগ করেছেন। তবে এক বছর আগে এনসিপি যখন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে শামিল হয়, তখন এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা সম্মিলিতভাবে দলকে যে প্রতিবাদলিপি দিয়েছিলেন, তাদের সঙ্গে সামান্তা শারমিনও ছিলেন। সেদিন তারা বলেছিলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। ওই সময়ে তাসনিম জারা, তাজনূভা জাবীন, খালেদ সাইফুল্লাহ, মুশফিক উস সালেহীন, খান মো. মুরসালীনসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা দলটি ছেড়ে যান। ওই সময়ে এনসিপির ভূমিকা নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতার সঙ্গে মিলে যাচ্ছে বলেও তারা অভিযোগ করেছিলেন।

সামান্তা শারমিনের পদত্যাগ, প্রায় এক বছর আগে তাসনিম জারাসহ অন্যদের দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং একই সঙ্গে বর্তমানে এনসিপি নেতৃবৃন্দের জামায়াতের সঙ্গে দূরত্ব সৃষ্টির সাম্প্রতিক কৌশল দেখে মনে পড়ছে বিখ্যাত বাউল গানের কলি—‘সময় গেলে সাধন হবে না’। ফকির লালন সাঁই জীবনের নশ্বরতা এবং সময় থাকতে আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির তাগিদ দিয়ে এ গান রচনা করেছিলেন। শক্তিশালী সংগঠন ও বিপুল অর্থবিত্তের অধিকারী জামায়াতে ইসলামীকে জুলাই আন্দোলন-পরবর্তীকালে রাজনৈতিকভাবে দেশের ইতিহাসে তাদের সবচেয়ে সাফল্যের মুকুট পরানোর কাজটি করার প্রায় দেড় বছর পরে জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্ব বা এনসিপির নেতৃত্বের একাংশ বলছেন—জামায়াতে হারিয়ে যাচ্ছি। এখন তাদের উদ্দেশে ‘দিন থাকিতে তিনের সাধন কেন করলে না’ বলা ছাড়া আর কী-ই বা করার আছে!

রক্তাক্ত জুলাই আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা হিসেবে একঝাঁক তরুণ মুখ জাতীয়ভাবে আগ্রহের কেন্দ্রে চলে আসেন। এই তরুণ মুখগুলো আন্দোলনের দিনগুলোতে সাহসিকতার সঙ্গে আন্দোলনকে অগ্রসর করেছিলেন। এদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ আবার গোপনে ভিন্ন রাজনীতির সঙ্গে থেকেও প্রকাশ্যে ছাত্রলীগ সেজে ছিলেন। প্রথম পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রলীগ শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কার করে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শেখ হাসিনা শুরু থেকেই এ ব্যাপারে অনমনীয় ছিলেন। ‘দিন থাকিতে তিনের সাধন’ না করে উল্টো দমন-পীড়নের পথে হাঁটে তার সরকার। অপমান আর নির্যাতনই একটা নিরীহ দাবিতে চলমান আন্দোলনের স্বরূপ পাল্টে দেয়। শাসকগোষ্ঠীর একগুঁয়েমি, নিপীড়ন, রক্তপাত ও অপমানজনক আচরণের কারণে আন্দোলনের গতিমুখ সরকার পতনের দিকে ধাবিত হয়।

এ পর্যায়ে তরুণ নেতৃত্বের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ পন্থায় স্টাবলিশমেন্টসহ দেশি-বিদেশি নানা শক্তির সংযোগ ঘটে। সুসংগঠিত ছাত্রশিবির, জামায়াতে ইসলামী ও উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতি তাদের নির্ভরশীলতা বৃদ্ধি পায়। আবার রহস্যময় চিন্তাবিদ ফরহাদ মজহারসহ অবিশ্বাসী বা অজ্ঞেয়বাদীদের সঙ্গেও তারা ঘনিষ্ঠতা রক্ষা করেন। ফরহাদ মজহারের নতুন গণপরিষদ গঠন ও সেকেন্ড রিপাবলিক তত্ত্ব দ্বারা তারা প্রভাবিত হন। বামপন্থী কিছু ছাত্রকর্মীও ফরহাদ মজহারের তত্ত্ব গ্রহণ করেন। এখন ফরহাদ মজহারের ভাষ্য থেকে জানা যাচ্ছে, ছাত্র নেতৃত্বের জন্য ‘সেফ হোমের’ ব্যবস্থা পরোক্ষভাবে মার্কিন দূতাবাসই নাকি করেছিল। সেখানে রেখে তাদের ‘মগজধোলাই’ করা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলতে চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। তার বক্তব্য, ‘আমেরিকাই সরকার বদল করেছে’। এখন তিনি আরও বলছেন, ‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে’। এবং ‘ডিসেম্বরে যদি শেখ হাসিনা ফেরেই, আপনাদের ঠেকানোর শক্তি নেই’।

মার্কিন সংশ্লিষ্টতার আরও প্রমাণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, সেই সময়ে যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছিলেন, ‘বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে’। আবার মার্কিন-প্রিয় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে থেকে ঘোষণা করেন, ‘তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করছে। তারা আসন্ন নির্বাচনেও অংশ নেবে। আমি নিশ্চিত যে তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। ..... তাদের মধ্যে কেউ হয়তোবা শিক্ষামন্ত্রীও হবেন।’ শুধু সংসদ সদস্য পদ নয়, মন্ত্রিত্বও আংশিকভাবে তিনি ঠিক করে ফেলেন। ডাস্টবিন খেতাবপ্রাপ্ত তার প্রেস সেক্রেটারি তো আরও এক ধাপ এগিয়ে এনসিপির আহ্বায়ককে পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন। এসব কিছুই দেশীয় ও আন্তর্জাতিক নানা শক্তির ডিজাইন থেকে উৎসারিত।

দল গঠনের পরে তরুণ নেতৃত্ব কল্পনা আর বাস্তবের ফারাক যত বুঝতে পারেন, ততই তারা বেশি করে জামায়াত-নির্ভর হয়ে পড়েন। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জমায়েত না পাঠালে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন সহযোগিতা না করলে তাদের পক্ষে সম্মানজনক সমাবেশ করা সম্ভব হচ্ছিল না। অবশ্য অনুকূল মিডিয়া কভারেজ, বিশেষত দেশে কোনো কোনো গণমাধ্যমের অকুণ্ঠ সমর্থনে তারা প্রচারের আলোয় ছিলেন এবং আছেন। তাদের মদদদাতাদের পরামর্শ ছিল, অন্তর্বর্তী সরকারে তারা যেমন ক্ষমতায় ছিলেন, পরবর্তী সরকারেও তাদের ক্ষমতায় অথবা তা সম্ভব না হলে ক্ষমতার কাছাকাছি থাকতে হবে। সে অনুযায়ী প্রথমে বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা করে এনসিপি। আসনসংখ্যা লাভের হিসাব-নিকাশ না মেলায় পরবর্তীতে তারা জামায়াতের সঙ্গে জোটে মিলিত হন।

জামায়াত যেহেতু ‘২৪ দিয়ে ‘৭১-কে ঢেকে রাখতে এবং একই সঙ্গে একটি লিবারেল ভাবমূর্তির অভিনয় করতে চায়, তাই তারা এনসিপিকে কোলে তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করেনি। জামায়াতের আনুকূল্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিরোধীদলীয় চিফ হুইপ পদসহ ছয় যোগ দুই—মোট আটটি সংসদীয় আসনের অধিকারী এনসিপি। বিনিময়ে জামায়াত পাকিস্তান ও বাংলাদেশ—দুই আমল মিলিয়ে আজ সবচেয়ে শক্তিশালী অবস্থানে, আর এনসিপি বিলাপ করছে, জামায়াতে হারিয়ে যাচ্ছি। জামায়াতের সঙ্গে জোট গঠন এবং যেনতেনভাবে ক্ষমতার অংশীদার হওয়া বা ন্যূনতম ক্ষমতার কাছাকাছি থাকার কৌশল দলটির নিজস্ব নতুন রাজনীতির সম্ভাবনাকে নিঃশেষ করে দিয়েছে। আর দলীয় নেতাদের শারীরিক ভাষায় যে আক্রোশ আর আতঙ্ক আমরা দেখি, দলীয় রাজনীতিও আবর্তিত হচ্ছে সে ধারায়।

অবশ্য জামায়াতের সঙ্গে দূরত্ব সৃষ্টির আসল কারণ ক্ষমতা, স্থানীয় সরকারে ক্ষমতার অংশীদারিত্ব। এনসিপি চায় স্থানীয় সরকার নির্বাচনেও জামায়াতের সঙ্গে নির্বাচনী ঐক্য বা সমঝোতা। বিশেষত আসিফ মাহমুদকে ঢাকা উত্তরের মেয়র পদে প্রার্থী করে জামায়াতের সমর্থন চায় তারা। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার জামায়াতের সিদ্ধান্তে এনসিপি অস্বস্তিতে পড়ে। এত দিন জনজীবনের সংকট-সংক্রান্ত যেসব ইস্যুতে জোটবদ্ধভাবে কর্মসূচি পালন করা হচ্ছিল, সেগুলো এখন এনসিপি একাই করতে চাইছে। পাশাপাশি নিজেদের কর্মসূচিতে পূর্বের ন্যায় জামায়াতের সাংগঠনিক সহযোগিতা না নেওয়ার পক্ষে মত বেশির ভাগ নেতার। স্থানীয় সরকার নির্বাচনে আসন সমঝোতার জন্য জামায়াতকে চাপে রাখার লক্ষ্যে নেওয়া এসব পদক্ষেপে কি আর স্বাধীন অবস্থানের ভাবমূর্তি ফিরে আসবে!

সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ করে বলছেন, ‘বাংলাদেশের প্রয়োজন বিভাজনের রাজনীতির বিপরীতে ঐক্যের রাজনীতি। আমাদের এমন একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন, যার মূল লক্ষ্য হবে মানুষকে বিভক্ত করা নয়, ঐক্যবদ্ধ করা’। এ জন্য তো প্রয়োজন ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। সে পথ তো ৫ আগস্টের পর থেকেই উগ্রপন্থী ধর্মীয় শক্তির সঙ্গে মিলে কথায় কথায় ‘আয় রাজুতে আয়’ হাঁক দিয়ে বন্ধ করে দেওয়া হলো এবং দেশে মবতন্ত্র কায়েম করা হলো। তখন সামান্তারা কোথায় ছিলেন? ছাত্রলীগের সঙ্গে থেকে ডাকসুর ভিপি-জিএস হওয়া যাবে, এমপি হওয়া যাবে, এনসিপি নেতা হওয়া যাবে; কিন্তু ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে সারা দেশে হাজারো ছাত্রছাত্রী ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে পারবে না—অথচ তাদের নামে কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগ নেই। এদের ক্ষোভের বহিঃপ্রকাশ কি সব সময় নিয়মতান্ত্রিক পন্থায় হবে! বিচার আইন অনুযায়ী চলুক। কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় কোনো রাজনৈতিক তৎপরতা কি একেবারে বন্ধ রাখা সম্ভব ও সংগত? এ বিষয়ে সামান্তাদের বক্তব্য কী? অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক চর্চা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা ছাড়া কি বিভাজনের রাজনীতি দূর করা যাবে?

অন্যদিকে, সামান্তার পরিত্যক্ত দল এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত আসন না ছাড়ায় অভিমানে দূরত্ব রক্ষার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক আদর্শ ও নীতিগত বিরোধের পরিবর্তে নির্বাচনী আসন সমঝোতার প্রশ্নটিই এখানে মুখ্য হয়ে উঠেছে—যেমনটি হয়েছিল জাতীয় নির্বাচনের সময়ও। এসব করে কি আর সাধন হবে!

(লেখকের নিজস্ব মত)

[লেখক: সাবেক ছাত্রনেতা]

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সময় গেলে সাধন হবে না

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত