সংবাদ
সংবাদ

সাঁওতালদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তার প্রশ্ন

মিথুশিলাক মুরমু
মিথুশিলাক মুরমু
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

সাঁওতালদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তার প্রশ্ন

গত ২ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের মহলানপাড়া গ্রামে সাঁওতালদের মাজহীথান ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সৈয়দপুর গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সাঁওতালরা। গ্রামটিতে প্রায় ৩৫টি সাঁওতাল পরিবার স্মরণাতীতকাল থেকে বসবাস করে আসছে। তারা সনাতন বা সারণা ধর্মের অনুসারী। নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, বহু বছর ধরে মাজহীথানের পাশে প্রায় চার কাঠা জমিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।

সাঁওতালদের কাছে মাজহীথান একটি পবিত্র স্থান। পূর্বপুরুষের ধর্মীয় বিশ্বাস ও প্রথা অনুযায়ী তারা এখানে পূজা-অর্চনা, প্রার্থনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার পালন করেন। একটি পবিত্র গাছকে কেন্দ্র করে মাজহীথানের অবস্থান। এটি শুধু উপাসনার স্থান নয়, সাঁওতালদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে এই মৌজার ৫৯ নম্বর দাগের প্রায় চার বিঘা জমি জন মিস্ত্রি টুডু ক্রয় করেন। ২০২৩ সালে তার ছেলে ইসমাইল সরকার জমির সীমানা বুঝে নেন। সাঁওতালদের অভিযোগ, ওই জমির পাশে মাজহীথান ও ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য ব্যবহৃত ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গা দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা ট্রাক্টর দিয়ে মাজহীথানের বেড়া ভেঙে ফেলেন। এ সময় গ্রামের কয়েকজন সাঁওতাল বাধা দিতে গেলে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর ও দখলচেষ্টায় বাধা দেন। এ ঘটনায় সাঁওতালদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সাঁওতালদের পক্ষে সুখেন মার্ডী ডিসি‘র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

নিজস্ব ধর্মবিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বেঁচে থাকার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব সেই অধিকার নিশ্চিত করা। কিন্তু রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতালদের পবিত্র উপাসনাস্থল মাজহীথান ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—দেশে ধর্মীয় স্বাধীনতা কি সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের জন্য সমানভাবে নিশ্চিত?

সাঁওতালরা মাজহীথানে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূজা দেন। সাধারণত গ্রামের মাজহী হাড়াম বা গ্রামপ্রধান এই পূজার দায়িত্ব পালন করেন। বয়সে প্রবীণ কিংবা তরুণ—যিনি এই দায়িত্ব গ্রহণ করেন, তাকে মাজহী হাড়াম বলা হয়। তার ওপর গ্রামের মানুষের নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব পালনের ভার থাকে। তাকে প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে গ্রামের মানুষকে পরিচালনা করতে হয়।

সাঁওতাল সমাজে মাজহীথানের বিশেষ ধর্মীয় ও সামাজিক গুরুত্ব রয়েছে। সাধারণত গ্রামের বাইরে, রাস্তার সুবিধাজনক স্থানে কিংবা মাজহীর বাড়ির সামনে এটি নির্মাণ করা হয়। কোথাও এটি একটি বিশেষ ছাউনির মতো, আবার কোথাও পবিত্র গাছ ও পাথরকে কেন্দ্র করে গড়ে ওঠে। মাজহী বঙ্গার প্রতীক হিসেবে প্রধান খুঁটির নিচে একটি বড় পাথর পুঁতে রাখা হয়। মাজহী বঙ্গাকে গ্রামের নেতৃত্ব ও সামাজিক শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত এক বিশেষ সত্তা হিসেবে মান্য করা হয়। গ্রামের মাজহী বা মোড়লের তত্ত্বাবধানে তার পূজা অনুষ্ঠিত হয়।

এই পূজায় সাধারণত দুটি পায়রা ও হাঁড়িয়া নিবেদন করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, পায়রার মাথা রান্না করে শুধু মাজহীই গ্রহণ করেন। এই নৈবেদ্য গ্রহণের মধ্য দিয়ে নতুন মাজহী তার পূর্বসূরির কাছ থেকে দায়িত্ব ও কর্তৃত্বের ধারাবাহিকতা লাভ করেন বলে বিশ্বাস করা হয়। মাজহীর মৃত্যুর পরও সাঁওতালরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের বিশ্বাস, মৃত্যুর পর মাজহীর আত্মা দেবতাসত্তায় পরিণত হয়। তাই মাজহীথান তাদের কাছে কেবল পূজার স্থান নয়; এটি পূর্বপুরুষের স্মৃতি, নেতৃত্বের ঐতিহ্য এবং সামাজিক পরিচয়েরও প্রতীক। বিয়ের পর নতুন বর-কনে বিদায়ের সময় মাজহীথানে প্রণাম করে যান। এভাবেই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে পারিবারিক ও সামাজিক জীবনের গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

ধর্মীয় স্বাধীনতা মানে শুধু মসজিদ, মন্দির, গির্জা কিংবা প্যাগোডায় উপাসনার সুযোগ নয়। একজন সাঁওতাল তার নিজস্ব বিশ্বাস অনুযায়ী মাজহীথানে প্রার্থনা করবেন, একজন ওরাওঁ তার ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, কোল, কোড়া ও কোডা জনগোষ্ঠীর মানুষ তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদ্‌যাপন করবেন—এসব অধিকারও সমান গুরুত্বপূর্ণ। ধর্মীয় স্বাধীনতার প্রকৃত পরীক্ষা হয় তখনই, যখন অপেক্ষাকৃত ক্ষুদ্র কোনো জাতিগোষ্ঠীর বিশ্বাস, সংস্কৃতি ও উপাসনাস্থল হুমকির মুখে পড়ে।

সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার স্বীকৃত হয়েছে। আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমতার কথা বলা হয়েছে। সংবিাধানে আইনের আশ্রয় লাভ ও আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাহলে সাঁওতালদের ধর্মীয় উপাসনাস্থল দখল বা ভাঙচুরের শিকার হলে তাদের অধিকার রক্ষার দায়িত্ব কার? রাষ্ট্রের, প্রশাসনের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করাও রাষ্ট্রের সমান দায়িত্ব।

ডিসি সাঁওতালদের আশ্বস্ত করে বলেছেন, তারা গাছের নিচে একটি পাথর রেখে ধর্মীয় আচার পালন করেন। সেটিই তাদের পবিত্র স্থান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে বলা হয়েছে, তারা যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালন করতে পারেন। ওই জায়গা কেউ দখল করতে পারবে না।

ডিসি‘র এই আশ্বাস ইতিবাচক। তবে এখানে প্রশ্ন শুধু কয়েক কাঠা জমির নয়। প্রশ্ন হলো, একটি জনগোষ্ঠী যে স্থানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বিশ্বাস, সামাজিক ঐতিহ্য ও পূর্বপুরুষের স্মৃতি ধারণ করে আসছে, সেই স্থানটির নিরাপত্তা কে নিশ্চিত করবে? একটি সাঁওতাল গ্রামের বসতভিটা, কৃষিজমি, কবরস্থান, জাহেরথান কিংবা মাজহীথান—প্রতিটি স্থানের সঙ্গে প্রজন্মের পর প্রজন্মের সম্পর্ক জড়িয়ে রয়েছে। এসব স্থান হারিয়ে গেলে শুধু জমির মালিকানা বা ব্যবহারের অধিকার হারায় না, ক্ষতিগ্রস্ত হয় একটি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতা।

মহলানপাড়ার সাঁওতালরা জেলা প্রশাসনের আশ্বাস পেয়েছেন। কিন্তু শুধু আশ্বাস দিয়ে তাদের ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন স্থায়ী ও আইনগত সুরক্ষা। প্রথমত, মাজহীথানের জমির সীমানা, খতিয়ান, দাগ নম্বর এবং দীর্ঘদিনের ব্যবহার ও প্রচলিত অধিকার নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। দ্বিতীয়ত, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে। তৃতীয়ত, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, ভবিষ্যতে যাতে কেউ ওই ধর্মীয় স্থানে হস্তক্ষেপ করতে না পারে, সে জন্য কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

আমরা চাই না, কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে তাদের উপাসনাস্থল রক্ষার জন্য বারবার প্রশাসনের দ্বারে যেতে হোক। অধিকার আদায়ের জন্য তাদের বারবার আন্দোলন, মানববন্ধন কিংবা স্মারকলিপি দিতে হোক, সেটিও কাম্য নয়। নাগরিকের অধিকার লঙ্ঘিত হওয়ার পর ব্যবস্থা নেওয়াই রাষ্ট্রের একমাত্র দায়িত্ব হতে পারে না। বরং অধিকার যাতে লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব।

রাজশাহীর জেলা প্রশাসন যে আশ্বাস দিয়েছে, তার বাস্তবায়ন এখন জরুরি। মাজহীথানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাঁওতালদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সবার। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় স্বাধীনতা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি সাঁওতালসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যও সমান মর্যাদা পাবে। রাজশাহীর মহলানপাড়ার মাজহীথান যেন সেই সমঅধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বাস্তব প্রতীক হয়ে উঠতে পারে—এটাই প্রত্যাশা।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: কলামিস্ট]

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাঁওতালদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তার প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত