রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল হক (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শামসুল হক স্থানীয়ভাবে ‘শামসু রিপোর্টার’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শামসুল হক গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক ইত্তেফাক, ইত্তেহাদসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তবে বার্ধক্য ও অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে তিনি পেশাগত দায়িত্ব থেকে দূরে ছিলেন।
শামসুল হকের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোয়ালন্দ প্রেসক্লাব ও গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।
সংগঠন দুটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সহকর্মীরা তাকে একজন সাহসী, সৎ ও আদর্শবান সংবাদকর্মী হিসেবে স্মরণ করছেন।
আপনার মতামত লিখুন