সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন (নর্দমা) ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (২ জুন) বিকেলে নগরের ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এদিন আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক ও সংশ্লিষ্ট ড্রেনগুলো পরিদর্শন করেন। তিনি বলেন, দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান সড়কগুলোতে যানজট থাকলে বিমানবন্দর যাতায়াতের জন্য অনেকেই এই পথ ব্যবহার করেন। তাই এই সড়ক ও সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, ‘আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীকে এলাকার সব রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, আগামী দুই-এক মাসের মধ্যেই নগরের বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম দৃশ্যমান হবে।’
পরিদর্শনকালে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবরসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সিলেট বিভাগীয় পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, হাসান মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম প্রমুখ।
আপনার মতামত লিখুন