পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে রাইসা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা উপজেলার ডুবি গ্রামের আবদুস কাইয়ুমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার মা রুমানা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে (উড়িবুনিয়া গ্রাম) অবস্থান করছিলেন। বিকেলে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশুটি সবার অগোচরে ঘরের পাশের খালের কিনারে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ রাইসাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন