গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার গোদারঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তিস্তা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে উত্তর কালিরখামারসহ আশপাশের কয়েকটি গ্রামের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ভাঙনের তীব্রতা বাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে ৫ হাজার ৪০০ জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজেদুর রহমান বলেন, ‘তিস্তা নদীর ভাঙন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। ভাঙন রোধে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আপাতত ক্ষয়ক্ষতি কমাতে জিও ব্যাগ স্থাপন করা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কাউকে একা ছেড়ে দেওয়া হবে না।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংসদ সদস্য ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করলেও নদী তীর সংরক্ষণে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন