ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজের সব ক্লাস ও পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে শনিবার (১৮ এপ্রিল) সকাল আটটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত নয়টার দিকে নগরের বাগমারা এলাকায় কলেজের ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেলে পেট্রল ভরাকে কেন্দ্র করে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত আমানউল্লাহ মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মীর হামিদুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ ভোররাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকে কলেজ প্রশাসন। বৈঠকে আজ থেকে পরবর্তী সাত দিন কলেজের সব একাডেমিক কার্যক্রম স্থগিত এবং শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল আলম খান বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের জন্য সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেলী জান্নাত সুলতানাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় নাফিউল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন আছে।
আপনার মতামত লিখুন