সারাদেশে হামের প্রকোপ বাড়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ফরিদপুরে শুরু হতে যাচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় জেলার প্রায় ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
সিভিল সার্জন আরও জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলা ও পৌরসভা এলাকার মোট ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৯৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্র এবং ৭৩৮টি স্থায়ী ইপিআই কেন্দ্র রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়মিত কর্মসূচির আওতায় কোনো শিশু ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নিলেও এই ক্যাম্পেইনে তাকে অতিরিক্ত আরও এক ডোজ টিকা নিতে হবে। তবে নিয়মিত ডোজ ও ক্যাম্পেইনের বিশেষ ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান থাকতে হবে। এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘একটি হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন এই টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন