ভারতের পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচনের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নির্বাচনের কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, এই সময়ে সীমান্ত এলাকায় কড়াকড়ি ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
এর প্রভাবে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকছে। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
কোচবিহার জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সিলগালা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা বজায় রাখতে চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। নির্বাচনের আগের দিন, ভোটের দিন, পরের দিন এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, ভারতের নির্বাচনের কারণে বাংলাদেশিদের জন্য বিজনেস ও স্টুডেন্ট ভিসা নিয়ে যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসার জন্য ভিসাধারী যাত্রী এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকেরা যাতায়াত করতে পারবেন। এ ছাড়া নেপাল ও ভুটানের নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধের বিষয়টি জানানো হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনার চিঠিটিও তারা জমা দিয়েছেন।
আপনার মতামত লিখুন