সুন্দরবনে অভিযান চালিয়ে ‘ছোট সুমন’ দস্যু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় প্রধান আবদুস সামাদ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আবদুস সামাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর তৃতীয় ধাপে সোমবার রাত ১০টার দিকে রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুস সামাদকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন।
পরে সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে মোংলা থানার সুন্দরবন-সংলগ্ন নন্দবালা খাল এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন