জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফেনীর সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। আগামী ১২ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনীত ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন। তিনি জানান, দলের প্রতি ত্যাগ ও দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা বিবেচনা করেই প্রার্থীদের এই মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে।
৩৬ জনের এই তালিকায় নাম রয়েছে বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানুর। ফেনীর রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত রানুর পৈতৃক বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে। এর আগে তিনি অষ্টম ও নবম জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং বিগত আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়ায় দল তাকে আবারও সংসদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে।
আপনার মতামত লিখুন