গাজীপুরের কালিয়াকৈরে খাবার হোটেলের আড়ালে চলত রমরমা মাদক ব্যবসা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন খাড়াজোড়া এলাকার ‘মারিয়া হোটেল’-এ অভিযান চালিয়ে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার মতলব উপজেলার দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার শিহাব উদ্দিন (২২)। দাদন মিয়া ওই হোটেলের মালিক এবং শিহাব তার কর্মচারী।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়াজোড়া এলাকায় খাবার হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রূপগঞ্জের পূর্বাচল র্যাব ক্যাম্প-১-এর একটি দল মারিয়া হোটেলে অভিযান চালায়।
এ সময় হোটেল থেকে সামান্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরে হোটেল মালিক দাদন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার হরতকিতলা এলাকার ‘সিকদার মহল’ নামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
সেখানে খাটের নিচে প্লাস্টিকের তিনটি বস্তায় লুকিয়ে রাখা ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা।
বুধবার সকালে গ্রেপ্তার দুই ব্যক্তিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ গাঁজাসহ দুই আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন